নয়া খবর ডেস্ক:
স্বল্প শিক্ষিত গ্রামীণ মহিলাদের অংশগ্রহণে নিজের নাম সুন্দর করে লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “আসুন নিজেন নাম লেখা শিখি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে রংপুর জেলার গংগাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়া এলাকার “আলহাজ্ব আমজাদ হোসেন জ্ঞানদ্বীপ পাঠাগার”-এর আয়োজনে পাঠাগারের হলরুমে ৩০ জন মহিলাকে নিয়ে ব্যতিক্রমী এই প্রতিযোগতার আয়োজন করেন পাঠাগারের স্বপ্নদ্রষ্টা শ্যামলী বিনতে আমজাদ। এতে সার্বিকভাবে সহযোগিতা করেন পাঠাগারের স্বেচ্ছাসেবক টিমের সদস্য রহিমা রহমান বাঁধন, রাসেল হোসেন, নুর এলাহী, আশরাফি জাহান আশা এবং রুমা আক্তার। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পাঠাগারের সম্মানিত সভাপতি মো. আমজাদ হোসেন।
আলহাজ্ব আমজাদ হোসেন জ্ঞানদ্বীপ পাঠাগার-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শ্যামলী বিনতে আমজাদ জানায়, মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার সময়। গ্রামে থাকা মা-চাচিরা স্বল্প শিক্ষিত, তাদেরও ইচ্ছে করে পড়াশোনা করতে কিন্তু লজ্জা এবং শেখার পরিবেশ না থাকায় শিখতে পারেন না। তাদের শেখার পরিবেশ সৃষ্টি করতেই মূলতঃ ব্যতিক্রমী এই আয়োজনের পরিকল্পনা করেন তিনি।
সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, এই বয়স্ক শিক্ষা কার্যক্রমে মহিলাদের অংশগ্রহণ যদি অব্যাহত থাকে তবে তাদের দৈনন্দিন জীবন আরও সহজ হবে এবং চিন্তা-চেতনায় তারা আরও উন্নত হবে। এছাড়াও বিভিন্ন ভাতা এবং সেবা পাওয়ার জন্য স্বাক্ষর বাধ্যতামূলক, গ্রামের অনেক মহিলাই স্বাক্ষর করতে না পারায় টিপসই দেন, যা এই ডিজিটাল বাংলাদেশে আর মানানসই নয়। তাই গ্রামের সবাইকে নিজের নাম লেখা শিখতে হবে।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী সালিমা বেগমকে পুরস্কার তুলে দেবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সঞ্চালক রাসেল হোসেন।
