নয়া খবর ডেস্ক:
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউপি নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব এর আয়োজনে দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব তৃতীয় ধাপের নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রচার প্রচারণা চালালেও তিনি জনসম্মুখে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন এবং নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় শহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বেরুবাড়ী ইউপি চেয়ারম্যার আব্দুল মোতালেব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে, তাঁর আদর্শকে বুকে ধারন করে, আওয়ামী লীগকে ভালোবেসে ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বে থেকে আওয়ামী লীগের সুসময়ে-দুঃসময়ে সবসময় পাশে ছিলাম। আওয়ামী লীগের রাজনীতি করে জীবন যৌবন শেষ করেছি। কিন্তু কিছুই পাইনি। তবুও আওয়ামী আওয়ামী লীগকেই ভালোবাসি সবসময়। গেলো নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা মার্কার মনোনয়ন চেয়েছি, পাইনি। ক্ষোভে দুঃখে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়াচম্যান নির্বাচিত হয়েছি। এবারও আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু এবারও বঞ্চিত হয়েছি। মানুষের ভালোবাসার কারণে এবারও সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মাঠে ছিলাম। কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসার কারণে, বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে, তাঁর আদর্শকে বুকে ধারণ করার কারণে, শেখ হাসিনাকে ভালোবাসার কারণে, বেরুবাড়ী ইউনিয়নের উন্নয়নের কথা চিন্তা করে এবারের নির্বাচন থেকে সরে গেলাম এবং উন্নয়নের মার্কা, আওয়ামী লীগর মার্কা নৌকাকে সমর্থন জানাচ্ছি। বেরুবাড়ী ইউনিয়নবাসীকে অনুরোধ করব আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থী সোলেমান আলীকে চেয়ারম্যান নির্বাচিত করে বেরুবাড়ী ইউনিয়নের উন্নয়নে অংশ নিন।
