রংপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক কারাগারে

স্টাফ রিপোর্টার, রংপুরঃ

বাড়িতে চুরি ঠেকাতে ছাদের গ্রিল বিদ্যুতায়িত করে রাখায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে কোতোয়ালি থানা-পুলিশ বাদী হয়ে বাড়ির মালিক সৈয়দ আলীকে আসামি করে মামলাটি দায়ের করে।
শনিবার রাতে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম শাখা) আলতাফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সৈয়দ আলীকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
রংপুরের কলেজ রোড বনানীপাড়া এলাকার সৈয়দ আলীর দুইতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকত ওই পরিবার। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির ছাদে গ্রিলে কাপড় শুকাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহবধূ আরফিনা ও তার মেয়ে তাসমিয়া। এ সময় তাদের চিৎকারে তাজমহল বেগম ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

Share Button