গোবিন্দ বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যানের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে এলাকাবাসীর আয়োজনে সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের শিঙ্গাশোলপুর-মির্জাপুর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান উজ্জ্বল ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন আওয়ামীলীগ অফিসে টাঙ্গানো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর, স্থানীয় এমপি কবিরুল হক মুক্তির ছবি সম্বলিত পোস্টার ছেড়া ও সংখ্যালঘুদের দোকানপাট ভাংচুরের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিঙ্গাশোলপুর ইউপি সদস্য শেখর বিশ্বাস, মহিলা সদস্য শেফালী বিশ্বাস, অর্পনা বিশ্বাস, ব্যবসায়ী বিধান বিশ্বাস, ইব্রাহীম ফকির প্রমুখ।
বক্তারা বলেন, বুধবার (১মে) দিবাগত রাত ১২টার দিকে সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জল শেখের নেতৃত্বে ২০-২৫জন সন্ত্রাসী সিঙ্গাশোলপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ অফিসে টাঙ্গানো বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, অফিসের চেয়ার-টেবিল ও স্থানীয় ব্যবসায়ী বিধান দোকান ভাংচুর ও পার্শ্ববর্তী চুনখোলা বাজারের আহাদ মোল্যা ও আক্তার মোল্যার দোকানের সার্টার কুপিয়ে নষ্ট করে। পরে ইউপি সদস্য শেখর বিশ^াসের বাড়ি গিয়ে গালি-গালাজ করে ও দেশ ছাড়ার হুমকি দেয়। বিধানের দোকান ভাংচুরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বক্তারা বলেন। বক্তারা এসব ঘটনা সুষ্ঠ তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জল শেখ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যা ও তার লোকেরা এসব ঘটনা ঘটিয়ে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে।
এ বাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াছ হোসেন জানান, ভুক্তভোগিরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।
