চিলমারীতে বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

চিলমারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের ৭২পদাতিক ব্রিগেড ৩০বীর এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মা, শিশু ও অসহায় মানুষদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

২৬ আগস্ট (বুধবার) সকালে রংপুর সেনানিবাস ৩০বীর এর অধিনায়ক লে.কর্নেল মোঃ হেদায়েতুল ইসলাম পিএসসি, থানাহাট এ ইউ সরকারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।দিনব্যাপী অনুষ্ঠানে ক্যাপ্টেন মির আলী ইকরামের তত্বাবধানে গর্ভবতী মা, শিশু ও অসহায় ৪শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর সিএমএইচ এর বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ৬জন চিকিৎসক।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ দুপুরের দিকে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। রংপুর সিএমএইচ এর প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ডা.কর্নেল মোঃ নোমান আলীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন ডা.লে.কর্নেল জিনিয়া সুলতানা, ডা.লে.কর্নেল ইসমত আরা বেগম, ডা.মেজর মোঃ আবু কায়সার, ডা.ক্যাপ্টেন মুশরাতা শাহরিন সরকার ও ডা. ক্যাপ্টেন মোছাঃ রোকসানা। চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান অনুষ্ঠানের জন্য সার্বিক সহায়তা প্রদান করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল ইসলাম ও ওয়ারেন্ট অফিসার মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন পদবির সেনা সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

রংপুর সেনানিবাস ৩০বীর এর অধিনায়ক লে.কর্নেল মোঃ হেদায়েতুল ইসলাম পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড ৩০বীর এর মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়মিত ভাবে গর্ভবতী মা, শিশু ও অসহায় মানুষদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়ে থাকে। চিলমারী উপজেলা বন্যা প্রবন হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এটি আমাদের চলমান প্রক্রিয়া।

Share Button