ট্যাক্স বৃদ্ধির কারণে সোনাহাট স্থলবন্দর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

নয়া খবর রিপোর্টঃ

পাথর আমদানীতে ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম ২৫ এপ্রিল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে আমদানী-রপ্তানী কারক সমিতি ও সিএন্ডএফ এসোসিয়েশন।জানাগেছে, সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর আমদানীতে প্রতি ৫’শত টন পাথরে পূর্বের তুলনায় প্রায় ৪০ হাজার টাকা ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। গত ২৪ এপ্রিল থেকে এ ট্যাক্স কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে সোনাহাট স্থলবন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির সভাপতি আবু তাহের ফারাজি জানান, ট্যাক্স বৃদ্ধি করায় আমদানীকারকদের কোন লাভ না হওয়ায় তারা আমদানী বন্ধ রেখেছে।
সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, এনবিআর কর্তৃপক্ষ সোনা মসজিদের রেটে পাথর আমদানী করার নির্দেশ দিয়েছে। কিন্তু সোনা মসজিদ দিয়ে পাকুড়া পাথর আসে (কালো পাথর) অন্যদিকে সোনাহাট দিয়ে আসে রিভার বোল্ডার (সাদা পাথর)। বাজারে সাদা পাথরের তুলনায় কালো পাথরের চাহিদা ও মূল্য দুটোই বেশী। বাজারের সাথে মূল্যের সামঞ্জস্য না হওয়ায় আমদানীকারকরা পাথর আমদানী বন্ধ ঘোষণা করেছে।সোনাহাট স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হাফিজুর রহমান শিকদার জানান, আমাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। তবে আমদানীকারক সমিতি গাড়ি ঢুকতে দিচ্ছে না। কি কারণে তারা পাথরের ট্রাক ঢুকতে দিচ্ছে না তা এখনো আমাদের অফিসিয়ালি জানায়নি। উল্লেখ্য, বাংলা বান্ধা ও বুড়িমারী স্থল বন্দরও একই কারণে বন্ধ রাখা হয়েছে।

Share Button