স্টাফ রিপোর্টারঃ
ধর্ষণের তিন বছর পর মামলার চার্জশিট ভুক্ত আসামিকে বুধবার রাতে গ্রেফতার করেছে র্যাব। রংপুরের গংগাচড়ার ধামুর মধ্যপাড়া থেকে মেহেরুল হককে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার র্যাবের এএসপি গোলাম মোর্ত্তুজা জানান, ২০১৬ সালের ১৪ অক্টোবর নাজিরদিগর এলাকার মহুবর রহমান ধাপার ছেলে মেহেরুল হক শেখপাড়ার এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় শিশুটির বাবা ১৮ অক্টোবর কোতয়ালী থানায় একটি মামলা করেন। মামলা করার পর থেকে মেহেরুল পলাতক ছিলো।
তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়। পরে র্যাবের একটি দল বুধবার রাতে গঙ্গাচড়া উপজেলার ধামুর মধ্যপাড়া থেকে তাকে গ্রেফতার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে মেহেরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
