পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শ্রীলঙ্কায় যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, অশুভ শক্তি আইএস তার দায় স্বীকার করে নিয়েছে। আমাদের পরিছন্ন ধর্ম ইসলামের নামকে কলংকিত করার জন্য বিশ্বের এক শ্রেণির ষড়যন্ত্রকারীরা এসব অপকর্ম চালাচ্ছে। তারা ধর্মের নাম ব্যবহার করে পৃথিবীতে অরাজকতা, সন্ত্রাস সৃষ্টি করতে চায়।
আমরা উচ্চ কন্ঠে বলতে চাই আমাদের মহান ধর্ম ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইসলাম কখনো এ ধরণের হত্যাকান্ড, সন্ত্রাস সমর্থন করতে পারে না। এছাড়া ওই ঘটনার পর মন্ত্রী পরিষদের সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সকলকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। সব ধরণের পরিস্থিতি মোকা-বেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সকল বিভাগ সেভাবেই প্রস্তুত রয়েছে।
তিনি বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপেজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বেলায়েত হোসেন প্রমুখ। এসময় জন প্রতিনিধিরা এ উপজেলাকে আধুনিক ও মাদকমুক্ত উপজেলা করাসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রতি দেন।
