কুড়িগ্রামের রাজীবপুরে আঞ্চলিক ইজতেমা শুরু।। মুসল্লিদের ভীড়

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদবেষ্টিত রাজীবপুরের সোনাভরি মুন্সিপাড়ার চরে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। ফজর নামাজের পর মূলধারা তাবলিগ জামাতের কাকরাইল মসজিদের মুরব্বি মুফতি ফয়জুর রহমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। ২৭ এপ্রিল আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি হবে।
ইজতেমা সফল করার জন্য আশপাশের জেলা জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মানুষ সোনাভরি নদী পাড়ের মুন্সিপাড়া চরের ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন। নিজেকে আল্লাহর রাস্তায় কবুল করে নিতে দলে দলে ধর্মপ্রাণ মানুষরা স্থল ও ব্রহ্মপুত্র নদ নৌকায় পাড়ি দিয়ে রাজীবপুরে ছুটে আসছেন।
রৌমারী থেকে ইজতেমা ময়দানে আসা শফিকুল বলেন, আমি ২৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজীবপুরের ইজতেমার জন্য এসেছি।
কুড়িগ্রাম জেলা তাবলিগ মারকাজের জিম্মাদার সাথীদের জিম্মাদারীতে কুড়িগ্রামের নয় উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে তাবলিগের সাথীরা এই ইজতেমা ময়দান তৈরির কাজ করেন।
ইজতেমা উপলক্ষে রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প, রাজীবপুর থানা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও চিলমারী, রৌমারী, রাজীবপুর প্রশাসনের পক্ষ থেকেও ইজতেমার নজরদারি করা হচ্ছে।
তাবলিগের কুড়িগ্রাম জেলা মার্কাজ মসজিদের জিম্মাদার সাথী মতিয়ার রহমান ডেইলি বাংলাদেশকে জানান, তাবলিগের মার্কাজ কাকরাইল মসজিদের মুরব্বিদের ফয়সালায় রাজীবপুরে তিন দিনব্যাপী এ ইজতেমা তাবলিগের কুড়িগ্রাম জেলা মার্কাজ এর সার্বিক তত্ত্বাবধানে শুরু করা হয়েছে।
এই ইজতেমায় প্রশাসনিক ও সার্বিক সহযোগিতা করছেন কুড়িগ্রাম-৪ আসনের এমপি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন সহযোগিতায় সুষ্ঠুভাবেই তাবলিগের মূলধারা থেকেই এই ইজতেমা পরিচালনা হচ্ছে।

Share Button