ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিপক্ষের নৃশংস হামলার শিকার ঢাকা বিশ্ববিদ্যালের এক শিক্ষার্থীর দায়ের করা মামলার আসামীরা জামিনে মুক্ত হয়ে এসে বাদীকে প্রাণনাশ সহ নানাবিধ হুমকি প্রদান করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের ঢাবি শিক্ষার্থী মোহাদ্দেস আলীর পরিবারের সাথে তার জ্যাঠাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৩১ শে জুলাই বিকেলে মোহাদ্দেস ও তার বাবা হামলার শিকার হন। এতে মোহাদ্দেসের ডান হাত ভেঙ্গে যায় এবং তার বাবা ওয়াহেদ আলী মারাত্বক অাহত হন। এ মর্মে মোহাদ্দেসের বাবা ওয়াহেদ আলী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোডে একটি মামলা দায়ের করেন, যার নং- ০১, তারিখঃ ০৫/০৮/২০ইং।

বিবাদীরা আদালত থেকে জামিনে বেড়িয়ে এসে মামলা তুলে নেয়ার জন্য বাদী পক্ষের উপর চাপ প্রয়োগ করতে থাকে। মামলা তুলতে রাজি না হওয়ায় ০৮/০৮/২০ ইং তারিখে বিকেল বেলা মামলার ০৪ নং বিবাদী মোঃ রুহুল আমিন ভূরুঙ্গামারী বাজারের মধ্যে ঢাবি ছাত্র মোহাদ্দেস ও তার খালু আফজাল হোসেনকে সুযোগমত খুন জখম করবে বলে প্রকাশ্যে ভয়-ভীতি প্রদান করে। উক্ত ঢাবি ছাত্র মোহাদ্দেস আলী (১৮) নিরাপত্তা চেয়ে গত ০৮/০৮/২০২০ইং তারিখে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং- ২৬৩।
জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
