নয়া খবর ডেস্কঃ
‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। দিনের শুরুতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকলে একযোগে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান প্রত্যক্ষ করা হয়।

জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিম। সভার শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের জয়যাত্রার পেছনে বঙ্গমাতার অনুপ্রেরণার কথা উল্লেখ করেন। এছাড়াও উক্ত সভায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বক্তব্য রাখেন।

এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এবং সেলাই মেশিন প্রাপ্তদের মেশিনের যথাযথ ব্যবহারের আহবান জানানো হয়েছে ।
