স্টাফ রিপোর্টার, রংপুরঃ
একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি দৈনিক সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন প্রতিনিধি সাংবাদিক লিয়াকত আলী বাদল করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যাক্ষ ও পিসিআর ল্যাব প্রধান অধ্যাপক ডা. নুরন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের দিন বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় কোরবানীর পশুর চামড়া কেনা বেচার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিক বাদল। সেখানে মৌসুমী ও আড়তদারদের সাথে কথা বলা এবং তাদের সাক্ষাৎকার নেবার পর বাসায় ফিরে আসার পর প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। সেই সাথে গলা ব্যাথা সহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। গত সোমবার রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজের সাথে যোগাযোগ করার পর তিনি একজন স্বাস্থ্য কর্মীকে বাসায় পাঠিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। গতকাল মঙ্গলবার পিসিআর ল্যাবে পরীক্ষা করার পর তার করোনা পজিটিভ হয়। বর্তমানে তিনি রংপুরের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. সমীর কুমার তালুকদারের তত্বাবধানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। সাংবাদিক বাদল তার সুস্থতার জন্য সকলের কাছে দেয়া কামনা করেছেন।
