কক্সবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন মাদক কারবারি নিহত

নয়া খবর ডেস্কঃ

কক্সবাজারের চকরিয়ায় ইয়াবার একটি বড় চালান হাতবদলের সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনজন মাদক কারবারি নিহত হয়েছে। এসময় চকরিয়া থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৪৪ হাজার পিস ইয়াবা এবং দেশে তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ১৫ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ পাহাড়ি এলাকা আমতলী গর্জন বাগানে ভোররাত সাড়ে ৩টা থেকে থেমে থেমে প্রায় একঘণ্টা ধরে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসীদলের মধ্যে। এসময় মাদক কারবারি ও সন্ত্রাসী দলের পক্ষে অন্তত ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় গুলির শব্দে ওই এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার বড় চালান হাতবদলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে মাদক কারবারি-সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এসময় আহত হন চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম, কনষ্টেবল সাজ্জাদ হোসেন ও মো. সবুজ। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে বন্দুকযুদ্ধের সময় নিহত হন তিনজন ইয়াবা কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের পরিচয় নিশ্চিতে তথ্য সংগ্রহ করছে পুলিশ।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় বরইতলী নতুন রাস্তার মাথা থেকে জাহেদা বেগম ও মোজাফ্ফর আহমদ নামের দুজন মাদক কারবারিকে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় রাতেই বানিয়ারছড়া পাহাড়ি এলাকায় ইয়াবার একটি বড় চালান হাতবদল হবে। সেই চালান এবং মাদক ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে।

অভিযানে আহত চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পুলিশের সাথে বন্দুকযুদ্ধের সময় অজ্ঞাতনামা তিনজন মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হচ্ছে।

Share Button