রংপুরে ভুয়া চিকিৎসকসহ গ্রেফতার ৫, ৩ লাখ টাকা জরিমানা

নয়া খবর, রংপুর:

রংপুর নগরীর ধাপ কেল্লাবন্দ এলাকার মেডিনোভা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে অভিযান চালিয়ে সনাতন চন্দ্র (৩৪) নামে এক ভুয়া চিকিৎসসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় সিভিল সার্জন অফিসের অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না থাকায় ছয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানাসহ একটি হাসপাতাল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জুলাই) বিকেলে নগরীর ধাপ আরকে রোড ও চেকপোস্টসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, সিভিল সার্জন অফিসের অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে চেকপোস্ট এলাকার ন্যাশনাল কমিউনিটি হাসপাতাল ও সমতা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

একই অভিযোগে আরকে রোডের আইডিয়াল জেনারেল হাসপাতাল অ্যান্ড নার্সিং হোমকে এক লাখ টাকা, রংপুর স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার, মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা এবং ধাপ কেল্লাবন্দ এলাকার মেডিনোভা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ভুয়া চিকিৎসক সনাতন চন্দ্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন- ওই নার্সিং হোমের কর্মচারী তুলেশচন্দ্র, আমিনুল ইসলাম, আমিনুল ও শাহানুর।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Share Button