নয়া খবরে সংবাদ প্রকাশের পর আইজিপি কর্তৃক হুইল চেয়ার পেলো আরাফাত

নয়া খবর ডেস্ক:

নয়া খবর-এ সংবাদ প্রকাশের পর আইজিপি কর্তৃক হুইল চেয়ার পেয়েছে আরাফাত রহমান উৎস (১৪)। সে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড, পূর্ব সাপখাওয়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান (বিপিএম) এর মাধ্যমে সোমবার (২০জুলাই) উপজেলার সাপখাওয়া বাজারস্থ সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কার্যালয়ে সুবিধাবঞ্চিত শারিরীক প্রতিবন্ধী আরাফাতকে এই হুইল চেয়ার প্রদান করা হয়। বিতরণকালে আরও উপস্থি ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রওশন কবীর, এসআই তাজেদার আলম ফারুকী, নয়া খবরের সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হৃদয়, ধরলা টিভির পরিচালক বাবুল জামান, দৈনিক সকালের সময় প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক আমাদের প্রতিদিন এর প্রতিনিধি শেখ মো. নুর ইসলাম, ইউপি সদস্য আমিনুল ইসলাম হাজী, সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আরাফাতের বাবা জাকিরুল ইসলাম, আছমা বেগম প্রমুখ।

উলেখ্য গত ১৫ জুলাই বুধবার অনলাইন নিউজ পোর্টাল নয়া খবর ডট কম-এ “একটি হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী আরাফাতের” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি আইজিপি ড. বেনজির আহমেদ (বিপিএম,বার)-এর নজরে আসে। পরে তাঁর নির্দেশনায় কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মো. মহিবুল ইসলাম খান (বিপিএম)’র মাধ্যমে আরাফাতকে হুইল চেয়ারটি প্রদান করা হয়। সাথে এসপি’র পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নতুন পোশাকও দেয়া হয়। হুইল চেয়ার এবং ঈদ উপহার পেয়ে আনন্দে কেঁদে ফেলে আরাফাত রহমান উৎস। এছাড়াও সেসময় এসপি তাঁর নিজ উদ্যোগে আব্দুর রশিদ নামের আরেক প্রতিবন্ধীকে ঈদের আগেই একটি হুইল চেয়ার প্রদানের আশ্বাস দেন।

Share Button