ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচিত শিশু সিয়াম হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার দ্বায় স্বীকার করে সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন আসামী রাশেল মিয়া।
পুলিশ জানায়, রোববার উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলীটারী গ্রামের আলোচিত শিশু সিয়াম হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী হিসেবে ওই এলাকার জহুরুল হকের ছেলে রাশেল মিয়া (১৫)সহ আরও ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। এতে ওই নির্মম হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করেন রাসেল মিয়া। পরে পুলিশি হেফাজতে তাকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় নিজে হত্যা ও বলাৎকারের দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেন।
উল্লেখ্য, গত ২০শে জুন শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তি ধর্মপুর তেলীটারী গ্রামে ছলিমুদ্দিনের পাট ক্ষেত থেকে নিখোজের ২০ ঘন্টা পর একই এলাকার জায়দুল মিস্ত্রির ছেলে সিয়াম (৬) নামের শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের এক সপ্তাহের তদন্ত শেষে ঘাতক রাশেলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ নবিউল হাসান জানান, শিশু সিয়ামকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে। বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেছে ঘাতক রাশেল মিয়া।
