মোঃ রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার:
উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। সমাজে তরুণদের মেধা ও প্রতিভাতে কাজে লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে। এজন্য তরুণ সমাজ থেকে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে। অাজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রংপুরের পীরগঞ্জ শহীদ মিনার চত্ত্বরে মাদক বিরোধী প্রচারাভিযান ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর – ৬ পীরগঞ্জ অাসনের সাংসদ ড. শিরিন শারমিন চৌধুরী । পীরগঞ্জ উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সারাদেশে মাদক বিরোধী অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন।’
এসময় মাদকবিরোধী এ প্রচারণা সকলের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।
পীরগঞ্জ আসনের (রংপুর-৬) এই সাংসদ বলেন, ‘তরুণ সমাজ দেশ গড়ার কারিগর। তরুণদের মাধ্যমেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তাই মাদককে সবসময়ই না বলতে হবে। মাদক শারিরীক ও মানসিক দু’ভাবেই ক্ষতি করে থাকে। অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম.এ মমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দীকি রনি প্রমুখ। এসময় রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে ‘এসো আমরা মাদককে না বলি’ শীর্ষক মাদক বিরোধী প্রচারাভিযান কার্যক্রমেরর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রায় ৩ হাজার ২শ’ জন শিক্ষার্থী অংশগ্রহণ দেন। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে শহীদ মিনার চত্বরে গাছের চারা রোপণ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একই স্থানে ‘বই পড়া প্রতিযোগিতায়’ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি অংশ নেন।
