সরকারি ওয়াইফাই ব্যবহার করতে না দেয়ায় তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাকে পিটিয়ে আহত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সরকারি ওয়াইফাই থেকে সংযোগ না পেয়ে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ডিস ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে। এ ঘটনায় অতর্কিত হামলার শিকার হয়ে আহত হওয়া উদ্যোক্তার হচ্ছেন ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ কাইয়ুম এবং হামলাকারী একই এলাকার মৃত হাতেম আলীর ছেলে ডিস ব্যবসায়ী আহসান হাবীব লাভলু। এবিষয়ে হামলার শিকার উদ্যোক্তা কাইয়ুম সাংবাদিকদের বলেন, ডিস ব্যবসায়ী লাভলু বেশ কিছুদিন ধরে তার তথ্যকেন্দ্রের সরকারি ওয়াইফাই এর সংযোগ ব্যবহার করে ডিস চালানোর সুযোগ চাইছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় লাভলু পরিষদের চেয়ারম্যানের নিকট অনুমতি চাইতে গেলে চেয়ারম্যানও রাজি হননি। ফলে ক্ষিপ্ত হয়ে ডিস ব্যবসায়ী লাভলু গত ১৩ মে সকালে পরিষদের তথ্য সেবা কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এ ঘটনায় হাতীবান্ধা থানায় ওইদিনই একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানাতে চাইলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাকে মারপিটের বিচার দাবি করে হামলাকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তথ্য সেবা কেন্দ্র উদ্যোক্তা সমিতির জেলা সভাপতি একেএম ওয়াজেদ কবীর।

Share Button