উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফন করতে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সুশাসনের জন্য নাগরিক-সুজন উলিপুর শাখার উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, সুজন উলিপুর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক প্রমূখ।
পরে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও নুরে আলম সিদ্দিককে প্রধান করে ১৩ সদস্য বিশিষ্ট মুসলমানদের জন্য পৃথক দুুইটি কমিটি এবং আক্রান্ত হিন্দু ব্যক্তির সৎকার করতে পুলক দেবকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট পৃথক একটি কমিটি করা হয়। সম্প্রতি সারা দেশে করোনা প্রাদূর্ভাব শুরু হলে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এ কারনে উলিপুর উপজেলায় আগামীতে করোনা আক্রান্ত কোন ব্যক্তি মৃত্যু বরণ করলে এ কমিটির সদস্যবৃন্দ লাশ দাফন ও সৎকার প্রক্রিয়া সম্পন্ন করবেন।
