নয়া খবর ডেস্ক:
এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক যুবকের দেহে কোভিড ১৯ পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে জেলায় কোভিড-১৯ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১জনে। বৃহস্পতিবার (৩০এপ্রিল) বিকেলে ৩২টির রিপোর্ট পাওয়া যায়। এরমধ্যে একজনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
আক্রান্ত যুবক সাইফুর রহমান (২৫) নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ড এর বাগডাঙ্গা বক্তারটারী গ্রামের কছিমুদ্দিনের ছেলে। সে গত ২৩ এপ্রিল নারণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরেছে বলে জানা গেছে। পরে ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠালে বৃহস্পতিবার ওই রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া যায়। নাগেশ্বরী উপজেলায় এটাই প্রথম করোনা সনাক্ত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম জানান করোনা রোগীর জন্য প্রাথমিকভাবে যে চিকিৎসা দেয়া হয় সে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধপত্র দিয়ে আক্রান্ত যুবককে তার নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে এবং ওই বাড়ির ৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও আশেপাশের ৫ বাড়ি লকডাউন করা হয়েছে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, গতদিন পর্যন্ত করোনায় আক্রান্ত ১০জনকে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এখনো কাউকে ছাড়পত্র দেয়া হয়নি। গতকাল পর্যন্ত জেলা থেকে ৪৭১জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। এরমধ্যে ৩২৩জনের ফলাফল পাওয়া গেছে।
