পঞ্চগড়ে লকডাউনেও সড়কে প্রাণ গেল একজনের

পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হামিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই সেতু মোড়ে এ দুর্ঘটনা ঘটে ।

জানা যায়, নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ড বাজার এলাকার আখিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আজ (২৩ এপ্রিল) দুপুরে হামিদুল ইসলাম তার এক প্রতিবেশীর মোটরসাইকেল নিয়ে ব্যক্তিগত কাজে দশমাইল নামক এলাকায় যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের চাওয়াই সেতু মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে রংপুর নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয় ।

এদিকে পঞ্চগড় তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুরে হামিদুল ইসলাম নামের ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হলে বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নয়াখবর/হাসান/এস

Share Button