করোনা ফান্ডে দিতে নিলাম হচ্ছে সাকিবের ব্যাট

ক্রীড়া ডেস্কঃ

দল খারাপ করলেও ২০১৯ বিশ্বকাপ সাকিব আল হাসানের কাছে স্পেশাল। বিশ্ব আসরে সাকিবের যে ব্যাটে ছিল রান বন্যা, সেটাই নিলামে তুলছেন টাইগার সুপারস্টার। করোনা মোকাবিলায় ফান্ড গঠনে তার এই সিদ্ধান্ত। প্রাপ্ত অর্থে সহায়তা করা হবে করোনাভাইরাসের সময়ে অসহায় হয়ে পড়া মানুষদের।

নিজের ফেইসবুক পাতায় মঙ্গলবার রাতে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নিয়ে একটি লাইভ আয়োজনে এই ঘোষণা দেন সাকিব। আজ বুধবার রাত ১০টায় শুরু হবে এই নিলাম।

গেল বিশ্বকাপে দল যেমন-ই করুক, সাকিব ছিলেন অনবদ্য-অসাধারণ। ইংলিশ মুলুকে দুর্দান্ত অলরাউন্ড পারফর্মেন্স তাকে তুলেছে অনন্য উচ্চতায়। আট ম্যাচে দুই সেঞ্চুরি আর পাঁচ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন টাইগার পোস্টার বয়। অবাক করা তথ্য, পুরো আসরে একটা ব্যাটই ব্যবহার করেছিলেন সাকিব। অতিপ্রিয় ওই ব্যাটটাই এখন নিলামে তুলতে যাচ্ছেন।

সাকিবের মতো ঐতিহাসিক দুই সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি ইতিহাসের অংশ। সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়নের রেকর্ড টিকে আছে এখনো। আর ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের সেঞ্চুরির আবেদনও কম নয়। ওই দুটি স্পেশাল ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক।

যুক্তরাষ্ট্র থেকে সতীর্থদের আহ্বান জানানোর পর ২৪ ঘন্টার মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার কথা জানান মুশফিক।

নয়াখবর/হাসান/এস

Share Button