দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু, মোট ১১০

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১১০ জনের মৃত্যু হলো।

একই সময়ে দেশে নতুন করে ৪৩৪ জনের দেহে করোনা সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এনিয়ে মোট ৩ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে সোমবার (২০ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৪৯২ জনের।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১২৮টি। যা আগের দিনের তুলনা ৩ দশমিক ৭ শতাংশ বেশি। এর মধ্যে পরীক্ষা করেছি ২ হাজার ৯৭৪টি নমুনা। যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি। এ পর্যন্ত মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে ৩ জনের বয়স ৬০ বছরের ওপরে, ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে অপর ৩ জনের বয়স, জানান তিনি।

নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৬৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হন গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নয়াখবর/হাসান/এস

Share Button