চট্টগ্রামে পিকআপ ভ্যান থামিয়ে খাদ্যপণ্য লুট

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামে ত্রাণ ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিক ও সাধারণ মানুষ খাদ্যপণ্যবাহী একটি পিকআপ লুট করেছে।

গতকাল দুপুর ১২টায় নগরীর বড়পুল মোড়ে এ ঘটনা ঘটে। এসব খাদ্যপণ্য রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

জানা গেছে, ফ্রাংক গ্রুপের একটি গার্মেন্টের শ্রমিকরা মার্চের বেতনের দাবিতে সকাল থেকেই নগরীর বারিক বিল্ডিং এলাকায় বিক্ষোভ করছিলেন। দুপুরে ফলমূলসহ খাদ্যপণ্যবাহী একটি পিকআপ ভ্যান ওই পথ দিয়ে যাচ্ছিল। শ্রমিক বিক্ষোভের কারণে গাড়িটি বড়পুল দিয়ে বিকল্প পথে ইপিজেডের দিকে রওনা হয়। দুপুরে বড়পুল মোড়ে পৌঁছলে চালক কিছু বুঝে ওঠার আগেই গাড়িটির গতিরোধ করে কিছু মানুষ লুটপাট শুরু করে।

পিকআপ ভ্যানটির চালক রবিউল হোসেন জানান, গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন চলতে থাকায় বারেক বিল্ডিং মোড় দিয়ে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আগ্রাবাদের বাদামতলী মোড় থেকে ট্রাফিক পুলিশ অ্যাকসেস রোড দিয়ে ইপিজেড যেতে নির্দেশ দেয়। আগ্রাবাদ থেকে ট্রাফিক পুলিশের এক সদস্য গাড়িতে ওঠেন। পুলিশ সদস্যকে নামাতে বড়পুলে পিকআপ ভ্যানটি থামাতে গতি কমানো হলে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়িতে উঠে মালপত্র লুট করতে থাকে।

তিনি আরো জানান, তার গাড়িতে পদ্মা অয়েল কোম্পানির স্টাফদের জন্য তিন বস্তা চাল, ১৪ কেজি গরুর মাংস এবং এক কার্টন করে মাছ, মাল্টা, আপেল ও গুঁড়ো দুধ ছিল। এক বস্তা চাল ও মাছের কার্টন ছাড়া অন্য খাদ্যপণ্য তারা লুট করে।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিএনজিচালকরা ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। আমরা তাদের তালিকা করে ত্রাণ পৌঁছে দেয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান। কিন্তু খাদ্যপণ্যবাহী গাড়ি লুটের ঘটনা আমাদের জানা নেই।

নয়াখবর/হাসান/এস

Share Button