উন্নয়ন প্রকল্পের টাকা খরচ হবে করোনা মোকাবিলায়

নিউজ ডেস্কঃ

উন্নয়ন প্রকল্পের টাকা আপাতত করোনা মোকাবিলায় খরচ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিলেও বাংলাদেশে প্রভাব যেন না পড়ে সেজন্য সব পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শনিবার জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত অধিবেশনটি বিকেল ৫টায় শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের চার শতাংশ হারে সুদ সহায়তায় ঋণ দেয়া হবে। সেই সঙ্গে ধান কাটার জন্য শ্রমিকদের মাঠে নিয়ে যেতে পুলিশকে সহায়তার নির্দেশ দেন তিনি। এ কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর।

শেখ হাসিনা বলেন, করোনা শনাক্তের কিট সংকট নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। দেশে ৯২ হাজার কিট আছে বলেও জানান তিনি। করোনা আক্রান্ত হয়ে দেশে ও বিদেশে যারা মারা গেছেন, তাদের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনাও হয় সংসদে।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় চলতি সংসদের সপ্তম এ অধিবেশন শুরু হয় বাছাইকৃত এমপিদের নিয়ে। সম্ভব সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন সংসদ সদস্যরা। অধিকাংশ এমপির মুখে মাস্ক ও হাতে গ্লাভস দেখা যায়।

এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে। সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিল সংসদের অধিবেশনটি বসলো।

নয়াখবর/হাসান/এস

Share Button