করোনায় ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৩০৬ জন

 

নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় আটজনসহ মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

সেব্রিনা বলেন, ‘আমরা গতকাল যে পরীক্ষাগুলো করেছি সেগুলোর মধ্যে সর্বমোট সংক্রমিতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন। এ যাবৎ পর্যন্ত সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৯ জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা ৮৪ জন।’

তিনি বলেন, ‘পরপর দুটো পরীক্ষায় সংক্রমণ নেই, এ রকম চিহ্নিত ব্যক্তির সংখ্যা ৮। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন।’

আইইডিসিআর পরিচালক বলেন, ‘যে ২ হাজার ১৪৪ জন আক্রান্ত, তাদের মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ৫৬৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন এবং আমাদের পরামর্শ নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘যে রোগীরা হাসপাতালে আছেন তাদের মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। বাকি সবার সবার অবস্থা মোটামুটি স্টেবল।’

বয়সভিত্তিক বিশ্লেষণ করে ডা. সেব্রিনা বলেন, ‘সর্বমোট সংক্রমণের বয়সসীমা ২১ থেকে ৩০ বছর পর্যন্ত। এখানে শতকতা ২৭ ভাগ রয়েছেন। এরপরেই ৩১ থেকে ৪০ বছর বয়স, এখানে রয়েছেন শতকরা ২২ ভাগ। এর পরবর্তীতে ৪১ থেকে ৫০ বছর বয়স, এখানে রয়েছেন শতকরা ১৯ ভাগ। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ ভাগ এবং অবশিষ্টরা নারী।’

এর আগে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২৬৬ জন, মৃত্যু হয় ১৫ জনের। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৩৪১, মৃত্যু হয় ১০ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২১৪৪ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৮৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ জন।

নয়াখবর/হাসান/এস

Share Button