ফুলবাড়ীতে শতাধিক পরিবারের মাঝে ইউস্যাফ এর খাদ্যসামগ্রী বিতরণ

নুরনবী মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সামাজিক বিচ্ছিন্নতা। সে কারণে বেকার হয়ে পড়েছেন দিন মজুরেরা। সেই সঙ্গে অসহায় হতদরিদ্ররাও মানবেতর দিন কাটাচ্ছেন। তাদের অসহায়ত্বের কথা চিন্তা করে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার বিশেষ উদ্যোগ নিয়েছেন ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব ফুলবাড়ী (ইউস্যাফ)।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফুলবাড়ী উপজেলার শিক্ষার্থী এবং উপজেলা থেকে বিভিন্ন জায়গায় চাকুরীজীবীদের অর্থায়নে শতাধিক নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, অালু, সাবান বিতরন করা হয়েছে। ১৬ এবং ১৭ মার্চ উপজেলার প্রত্যন্ত গ্রামের অভ্যন্তরে বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন ইউস্যাফ এর সদস্যগণ।

ইউস্যাফের আহ্বায়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মতিউর রহমান মাসুম বলেন, সাম্প্রতিককালে সারা বিশ্বকে আতংকিত করে তুলেছে করোনাভাইরাস। এর বিরুদ্ধে যুদ্ধ করার একমাত্র অস্ত্র ঘরে থাকা। এ ভাইরাসের কারনে সবকিছুই স্থবির হয়ে পড়েছে। অনেক নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষ অসহায় হয়ে পড়েছেন। এইসব মানুষের পাশে দাঁড়াতে মানবিক দায়বদ্ধতা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে এসেছি। এভাবে সবাই এগিয়ে আসলে আমাদের বাড়ির পাশের পরিবারটিকে না খেয়ে থাকতে হবে না। এসময় খাদ্যসামগ্রী বিতরনে আর্থিক, শারীরিক ও মানুষিকভাবে সহায়তাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Share Button