রাফিউল ইসলাম (রাব্বি),রংপুর:
রংপুরের কাউনিয়া এবং মিঠাপুকুর উপজেলায় শ্বাসকষ্ট, গলা ব্যাথাসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে করোনার লক্ষণ নিয়ে দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকায় ৩১ শয্যা হাসপাতালে মিনা রানী (৩০) নামে একজন সুইপার সকালে মৃত্যু বরণ করে। তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হরাগাছ খানসামার হাটে।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানিয়েছেন, দু’জনেই অসুস্থ ছিলেন। তবে তাদের অসুস্থতার বিষয়টি সন্দেজনক হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর জানা যাবে তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা।
হারাগাছ মেট্রোপলিটান থানার ওসি রেজাউল করিম জানান, কাউনিয়ার হারাগাছ খানসামা হাট গ্রামের সুইপার মিনা রানী শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার গভীর রাতে হারাগাছ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। সকালে সে মারা যায়।
স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ডাক্তার শামরুজ্জামান সাংবাদিকদের জানান, মিনা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর পর মিনার স্বজনদের আইসোলেশনে রাখা হয়েছে।
নয়াখবর/হাসান/এস
