রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
করোনা সন্দেহে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে একই পরিবারের ৫ জনকে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৯ টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বাসিন্দা ওই পরিবারের সদস্যরা জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়া পরিবার ঠাকুরগাঁও সদর এলাকার বাসিন্দা। করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন, স্বামী (৩০), স্ত্রী (২৪), আড়াই বছরের ছেলে, ছোট ভাই (২৮) ও ভাইয়ের স্ত্রী (১৭)।
ওই পরিবারের একজন ব্যক্তি ঢাকার বিভিন্ন ক্যাসিনো ক্লাবে চাকরি করতেন। তিনি ২৩ মার্চ মাদারিপুরের শিবচরে গিয়েছিলেন। গত ২৫ মার্চ তিনি নিজ বাড়িতে আসলে এলাকাবাসি তাকে বাড়িতে আটকে রাখে। পরে ওই পরিবারের অসুস্থ ব্যক্তিরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হন।
রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা উপসর্গ নিয়ে তারা হাসপাতালে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় আক্রান্ত কি না।
