ফুলবাড়ীতে ডিম দিয়ে চলে জুয়া।। আসর থেকে আটক-৭

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

পাঁচ টাকার একটি গুটি, যদি লাইগা যায় তাহলে পাওয়া যাবে দুটি সিদ্ধ ডিম। এই অভিনব কায়দায় গুটির মাধ্যমে এভাবে জুয়া খেলার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাত জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার (৬ মার্চ ২০২০) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, প্রতিদিনের মত বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২০) রাতে উপজেলার খড়িবাড়ী বাজারে উপজেলার পূর্ব নাগদাহ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবু হোসেন (৫০) শতাধিক সিদ্ধ ডিম ও কলসের মধ্যে গুটি নিয়ে জুয়া খেলা শুরু করে। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে সহ মধ্য নাগদাহ গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুস ছালাম (৪০), নওদাবস গ্রামের রতি চন্দ্র রায়ের ছেলে দীপু চন্দ্র রায় (২৯), একই গ্রামের কাছু মামুদের ছেলে আজিজুল হক (৩৫), চর বড়লই গ্রামের আছকার আলীর ছেলে মোজাম্মেল হক (২৩), নজর মামুদ গ্রামের দুখু সরদারের ছেলে ভোলা সরদার (৪০) ও পার্শবর্তী নাগেশ্বরী উপজেলার সোনাই খামার গ্রামের নুর ইসলামের ছেলে সোহেল রানা (২৩) কে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় কাঠের গুটিসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share Button