বেরোবি উপাচার্যের অনুপস্থিতির হাজিরা খাতা চুরি

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর ক্যাম্পাসে উপস্থিতির ‘হাজিরা খাতাটি’ চুরি হয়ে গেছে।

বুধবার (৪ মার্চ) বিকেল ৩টায় চোরদের ধরতে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ এবং তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছে শিক্ষকদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’।

অভিযোগপত্র থেকে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর ‘হাজিরা খাতা’ শিরোনামে ক্যাম্পাসে একটি সাদা বোর্ড টানানো হয়েছিল। সেখানে উপাচার্যের দৈনিক উপস্থিতি ও অনুপস্থিতির হালনাগাদ করা হচ্ছিল।

এর আগে অধিকার সুরক্ষা পরিষদ গত ৫ ফেব্রুয়ারি ২০২০ সংবাদ সম্মেলন করে উপাচার্যের প্রায় অর্ধশত অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার খতিয়ান প্রকাশ করে। সংবাদ সম্মেলন করে সেদিনই সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছিলেন উপাচার্য ক্যাম্পাসে এলেই তাকে স্মারকলিপি দেয়া হবে। কিন্তু তাকে ক্যাম্পাসে না পেয়ে শিক্ষকরা তার হাজিরা খাতা টানিয়ে দিয়েছেন।

উপাচার্যের হাজিরা খাতাটি চুরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেন অধিকার সুরক্ষা পরিষদের সদস্য সচিব খাইরুল কবির সুমন।

তিনি জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) আমরা এর প্রতিবাদে মানববন্ধন করব এবং নতুন করে হাজিরা খাতা স্থাপন করব।

Share Button