শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৪’শ বস্তা ভুট্টা বোঝাইসহ ছিনতাই হওয়া ট্রাক সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এ কাজের সাথে জড়িত আন্তজেলা চোর চক্রের ৩ জনকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জ ` গ ` সার্কেলর সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী
বলেন, রূপগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এস আই নাজিম উদ্দিন তথ্য প্রযুক্তি ব্যবহার করে
ছিনতাই হওয়া মালামাল ও ট্রাকটি উদ্ধার এবং তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদের জিজ্ঞাসাবাদে পুরো চক্রটিকে ধরা হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে রূপগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মামুন সাংবাদিকদের জানান, রূপগঞ্জ থেকে গত ২৮ জানুয়ারী ভুট্টা বোঝাই ট্রাক ছিনতাই হয়। ছিনতাইয়ের পর গত ১৬ ফেব্রুয়ারী ট্রান্সপোর্টের ম্যানেজার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ছিনতাই হওয়ার প্রায় দেড় মাস পর সিরাজগঞ্জের কড্ডা এলাকার মিরপুররোড রেলগেট থেকে ৪’শ বস্তা ভুট্টা ও ট্রাক উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার শেরপুর থানায় সদর হাসরা এলাকার পিতামৃত বাদুল্লার ছেলে দুলাল মন্ডল, সিরাজগঞ্জ জেলার বাহুতি এলাকার মফজেল শেখের ছেলে আব্দুর রহিম ও একই জেলার বাগডুমুর এলাকার মজিদ শেখের ছেলে আতিকুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা নাজিমউদ্দিন জানান, গত ২৮ জানুয়ারী রূপসী সিটি মিল হইতে ফিরোজ ট্রান্সপোর্টের মাধ্যমে (ঢাকা মেট্রো ট -১৮-৪০৯১) ট্রাক ভাড়া করে ৪০০ বস্তা ভুট্টা বোঝাই করে টাঙ্গাইল নূর পোল্ট্রি উদ্দেশ্যে ছেড়ে যায়। যথাসময়ে ভুট্টা টাঙ্গাইল না পৌছালে নূর পোল্ট্রির ম্যানেজার ট্রান্সপোর্টের মালিক বাচ্চু মিয়াকে জানায়। পরে বাচ্চু মিয়া ট্রাক ড্রাইভার ও হেলপারের মোবাইলে ফোন করলে তাদের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। ট্রান্সপোর্টের মালিক বিষয়টি গাড়ির মালিককে জানালে গাড়ির মালিক তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফোন কেটে দেয়। পরে গত ১৬ ফেব্রুয়ারী ফিরোজ ট্রান্সপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ বাদী হয়ে ট্রাক ড্রাইভার রুবেল ওরফে সাঈদ ও গাড়ির মালিক আমিনুল ইসলামকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের কড্ডা এলাকার মিরপুররোড রেলগেট এলাকা থেকে ৪’শ বস্তা ভুট্টাসহ অপর আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৪৯০৯) উদ্ধার করেন। এসময় ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
