রংপুরে বিশ্বকাপজয়ী আকবর ও টেনিস চ্যাম্পিয়ন হৃদয়কে সংবর্ধনা

রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী ও জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুহতাসিন আহমেদ হৃদয়কে সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রংপুর সিটি করপোরেশন।

অনুষ্ঠানে আকবর আলী বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। আমরা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি, সেজন্য সকলের সমর্থন কামনা করছি। আমাদের এ বিশ্বকাপ জয়টাই শেষ নয়, এটা শুরু।

সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আসিব আহসান, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর সেকেন্দার আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী তানবীর হোসেন আশরাফী প্রমুখ।

অনুষ্ঠানে সিটি করপোরেশন ছাড়াও জাতীয় যুব সংহতির রংপুর মহানগর শাখা, সাংস্কৃতিক-সামাজিক সংগঠন বাংলার চোখ, সামাজিক সংগঠন আমরাই পারি, জেলা দোকান মালিক সমিতি, মহানগর দোকান মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা আকবর ও হৃদয়কে সংবর্ধনা দেন।

সিটি করপোরেশনের মেয়র রংপুরের এই দুই কৃতি খেলোয়াড়কে আর্থিক পুরস্কারসহ তাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স ও পানির বিল আজীবনের জন্য মওকুফ করার ঘোষণা দেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Share Button