রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
জীবনের ২০টি বছর মানুষের হাতে হাতে সংবাদপত্র পৌঁছে দিয়েছেন। রোদ-ঝড়-বৃষ্টি বা কনকনে শীতেও পাঠকের কাছে সংবাদপত্র পৌঁছে দেয়া ছিল দিনের প্রথম কাজ। কিন্তু পত্রিকা হাতে নিয়ে বিগত ১ বছর ধরে পাঠকের কাছে যেতে পারছেন না রংপুর নগরীর বুড়িরহাট কোবারু কলেজপাড়া গ্রামের পত্রিকা বিক্রেতা (হকার) মো. আইয়ুব আলী (৪৮)।
বিগত ১ বছর পূর্বে তিনি হৃদ রোগ ও মেরুদণ্ডে আঘাত পেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ছিলেন। এরই মধ্যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তার পিত্তথলি’র অপারেশন করা হয়। সেখানে হৃদ রোগ, মেরুদণ্ড, চোখ, মাথা ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা করাতে গিয়ে তার জীবনের অর্জিত সকল আয় ব্যয় করেছেন। এতে তিনিসহ পুরো পরিবার নিঃস্ব হয়ে গেছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। টাকার অভাবে চিকিৎসা খরচ চালাতে পারছেন না, কাটাচ্ছেন মানবেতর জীবন। আর্থিক সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছে তার পরিবার।
আইয়ুব আলী রংপুর নগরীর ৬ নং ওয়ার্ডের বুড়িরহাট কোবারু কলেজপাড়া গ্রামের মো: মহুবার রহমানের ছেলে। তিনি ১৯৯৬ সাল থেকে পত্রিকা বিক্রি করেছেন। তার সংসারে স্ত্রী, দুই মেয়ে রয়েছে। অভাবের কারণে ডিগ্রিতে পড়–য়া বড় মেয়ের পড়ালেখা বন্ধ হওয়ার পথে।
আইয়ুব আলীর স্ত্রী জানান, হৃদ রোগ, মেরুদণ্ড ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত তার স্বামী। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসা করাসহ নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন । কিন্তু টাকার অভাবে সেটি সম্ভব হচ্ছে না। এতে করে দিনদিন অসুস্থ হয়ে পড়ছেন। এজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কৃর্তপক্ষ ও দেশের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।
পত্রিকার এজেন্ট রাশেদ বলেন, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে আইয়ুব আলী এখন পত্রিকা বিক্রি করতে পারেন না। শুনেছি স্ত্রী–মেয়েদের নিয়ে অভাব-অনটনে তার দিন কাটে। চিকিৎসার খরচও বহন করতে পারছেন না তিনি।
আইয়ুব আলীকে সাহায্য পাঠাতে পারেন সরাসরি ও বিকাশের মাধ্যমে।
যোগাযোগের ঠিকানা: আইয়ুব আলী পিতা: মহুবার রহমান গ্রাম: বুড়িরহাট কোবারু কলেজপাড়া, ৬ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন, বিকাশ- ০১৭৬-৪৮১৩৭১২ নম্বর।
