রাফিউল ইসলাম রাব্বি, স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর সদর উপজেলার পাগলাপীরে আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে বুলবুল ইসলাম সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার ১০ দিন পর আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর দেড়টায় পাগলাপীর বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে প্রভাবশালী ওই পরিবারের পক্ষ থেকে আপোস করার জন্য ভিকটিমের ওপর চাপ ছিল।
রংপুর সদর কোতয়ালী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জামান জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের কোন ধরনের গাফিলতি ছিল না। সাড়াশি অভিযান চালিয়েই তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার দিন ২০ জানুয়ারি বিকেলে পাগলাপীরের মুলাপাড়ায় নিজ বাড়ির সামনে খেলছিল আট বছরের ওই শিশু। এসময় শিশুটির হাতে ১০ টাকা দিয়ে পাশের বাড়ির তামাক ব্যবসায়ী কেচু মিয়ার পুত্র বুলবুল ইসলাম ওরফে সম্রাট শিশুটিকে ৫ টাকা দিয়ে চকলেট ও ৫ টাকা দিয়ে সিগারেট কিনে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে আসতে বলে। শিশুটি তার কথামতো চকলেট ও সিগেরেট কিনে সেখানে আসলে তার ওপর যৌন নির্যাতন চালায় সম্রাট। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সম্রাট পালিয়ে যায়।
এ ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করে। পরে শিশুটির মা বাদি হয়ে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন। কিন্তু ঘটনাটিকে ধামাচাপা দিতে প্রভাবশালী ওই পক্ষটি ব্যাপক চাপ তৈরি করে।
এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আনোয়ার হোসেন জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত সম্রাটকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
