রংপুরে আখ ক্ষেতের গর্ত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

অপহরণের ৯ দিন পর রংপুরে একটি আখ ক্ষেতের গর্তের ভেতরে মোশারফ হোসেন পপি নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মহানগর থানা পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) ভোরে প্রধান আসামি রবিউলের দেখিয়ে দেওয়া আখ ক্ষেতের গর্তের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত ১১ জানুয়ারি পূর্ব পরিচয়ের সূত্র ধরে ঢাকা থেকে রংপুরে এসে অপহরণের শিকার হন তিনি।

নিহত মোশারফ হোসেন পপি ঢাকার হাজারীবাগ এলাকার ব্যবসায়ী ও আরমান হেলথ কেয়ারের অ্যাডমিন বলে জানিয়েছে পুলিশ।

রিমান্ডে আসামির জবানবন্দির বরাতে পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গৃহপরিচারিকা আনতে ঢাকা থেকে গত ১১ জানুয়ারি রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল রবিউল হোসেনের কাছে আসেন ব্যবসায়ী পপি। এরপর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রবিউল তাকে মোটরসাইকেলযোগে বদরগঞ্জের শ্যামপুর এলাকার দুলাভাইয়ের বাসায় নিয়ে যান। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে পপিকে অচেতন করার পর অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে রবিউল ও তার লোকজন। পরে লাশটি বস্তাবন্দি করে নন্দনপুর এলাকার একটি আখ ক্ষেতের চাষ করা জমিতে গর্ত খুঁড়ে পুঁতে রাখেন।

এ দিকে পপির ছোট বোন সাজিয়া আফরিন ডলি গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে কনস্টেবল রবিউল হোসেন, তার দুলাভাই সাইফুল ইসলাম ও পপির বাড়ির কাজের ছেলে বিপুলকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।

পাঁচ দিনের রিমান্ডে আসামিরা জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে রবিবার ভোরে পুলিশ রবিউলের দেখানো ওই জমি থেকে পপির লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পপির ব্যবহৃত মুঠোফোনটিও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন থানা পুলিশ জানায়, ময়না তদন্ত প্রতিবেদন ও গ্রেপ্তার আসামিদের আদালতের জবানবন্দি অনুযায়ী বিষয়টিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share Button