হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, লালমনিরহাটে মহেন্দ্রনগরে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, মোগলহাট স্থলবন্দর চালু করণ ও বঙ্গবন্ধু এভিয়েশন এন্ড এ্যারোস্পেস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলে জেলার সার্বিক উন্নয়ন সাধিত হবে।
তিনি গত ১২ জানুয়ারি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোল্যার প্যানেল ও কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি বলেন, রংপুরাঞ্চলের মানুষের সর্বাত্বক সমর্থন ও সহযোগিতার দরুণ আমার পক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়া সম্ভব হয়েছে। তাই জাতীয় পার্টি রংপুর অঞ্চলকে সর্বাধিক গুরুত্ব দিবে। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকি, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এসকে খাজা মঈনুদ্দিন, জাতীয় পার্টির উপজেলা কমিটির সভাপতি আকবর ঈমান, সাধারন সম্পাদক এ্যাড. আছির হক, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক বজলার রহমানসহ জাতীয় পার্টির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সুবিধাভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জিএম কাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দসহ গত ১১ জানুয়ারি প্রয়াত পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।
একই দিন বিকালে জাতীয় পার্টির জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মাইক্রোবাস, মোটর সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে লালমনিরহাটে নিয়ে আসেন। তার আগমন উপলক্ষ্যে জেলা সদর উপজেলা ও পৌরসভায় ২৩টি গেট স্থাপন করা হয়। রাতে নেতাকর্মীরা আতশবাজী পুড়িয়ে আনন্দ, উল্লাস করেন।
