ফুলবাড়ীর পশ্চিম ধনীরাম আবাসনগামী সড়কটি যেন মরণ ফাঁদ।। সংস্কার হয়না ২ যুগ ধরে

নুরনবী মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

প্রায় ২ যুগ ধরে সংস্কার না হওয়ায় বেহালদশা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলার শাহবাজার হতে পশ্চিম ধনীরাম আবাসন পর্যন্ত পাঁকা সড়কটির। দু’পাশে বিভিন্ন বৃক্ষরাজিত আচ্ছাদিত এক সময়ের নয়নাভিরাম সড়কটির বেহালদশা দেখার কেউ নেই। ৩.৪ কিলামিটার দৈর্ঘ্যের এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে সাত গ্রামের মানুষ।

উপজেলা শহরের সাথে যোগাযোগ ও প্রতি বছর বন্যা মৌসুমে এ সড়কটিই হয়ে ওঠে চর মেখলি, চর পশ্চিম ধনীরাম, পশ্চিম ধনীরাম, পূর্ব ধনীরাম, প্রাণকৃষ্ণ, ঘোগারকুটি, চদ্রখানা গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। শাহবাজার উচ বিদ্যালয়, কুঠিবাড়ী মডার্ণ উচ বিদ্যালয়, কুঠিবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চর ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ধনীরাম সরকারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বধনীরাম ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের এ পথেই যাতায়াত করতে হয়।

দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ার পাশাপাশি ২০১৭ সালে ঘটে যাওয়া বন্যায় সড়কটির দু’পাশের পাকা অংশসহ মাটি ধ্বসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গর্তের সৃষ্টি হয়ে অনেকাংশে পাকা সড়কের কোন চিহ্নই নেই। দু’পাশ ভেঙ্গে গিয়ে অনেক স্থানে সড়কটি এতটাই সরু হয়ে গেছে যে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছে বিভিন্ন যানবাহন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব বলেন, এটি ভিলেজ রোড টাইপ এ ক্যাটাগরির সড়ক। সড়কটি সংস্কারের জন্য গ্রাম্য সড়ক পূণর্বাসন প্রকল্পের আওতায় স্টিমেট পাঠানোর প্রক্রিয়া চলছে। আশাকরি অল্প সময়ের মধ্যে সংস্কারের কাজ শুরু হবে।

Share Button