রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কারমাইকেল কলেজের শতবর্ষপূর্তি উৎসবের প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন।
এরপর বেলা ১১টায় প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও লালবাগ প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়।
এরপর শুরু হয় প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আলোচনা সভা। এতে ব্রিটিশ আমল থেকে শুরু করে ৩ শাসনামলের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হন।
১৯৭০ সালের প্রাক্তন শিক্ষার্থী আসাদুজ্জামান খান বলেন, প্রাণের ক্যাম্পাস কারমাইকেল কলেজের সাথে একটা আত্মার সম্পর্ক রয়েছে। অনেক দিন পর ক্যাম্পাসে এসে অনেক ভালো লাগেছে। মনে হয় আবার যদি ওই দিনগুলো ফিরে পেতাম। দুই দিনব্যাপী অনুষ্ঠানে ক্যাম্পাস ঘুরবো, আনন্দ-ফূর্তি করবো সব মিলিয়ে অনেক ভালোলাগা কাজ করছে।
২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সাইফুল বলেন, কারমাইকেল কলেজ রংপুরের ঐতিহ্য ও অহংকার। এ কলেজের সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। শতবর্ষপূর্তিতে অংশগ্রহণ করতে পেরে সত্যিই ভালো লাগছে।
১৯৯২ সালের আরেক প্রাক্তন শিক্ষার্থী সুমাইয়া সরকার বলেন, এ উৎসবে যোগদান করতে পেরে অনেক ভালো লাগছে। গতকাল ক্যাম্পাসে আসার সাথে সাথেই যখন উৎসবের গিফটটা পেয়েছি তখন থেকে অন্যরকম অনুভূতি কাজ করছে।
দুই দিনব্যাপী উৎসব আয়োজনের উদ্বোধনী দিনে রোববার (২৯ ডিসেম্বর) আনন্দ শোভাযাত্রা, সম্মাননা প্রদান, আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড দল ‘জলের গান’।
অনুষ্ঠানের সমাপনী দিন সোমবার সকাল ১০টা থেকে শুরু হবে বর্ধিত সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। এতে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি দেশের স্বনামধন্য বেতার ও টেলিভশনের শিল্পীরা নাচ ও গান পরিবেশন করবেন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর ব্যান্ডদল ‘এলআরবি’র পরিবেশনা।
