লতিফুর রহমান লিংকন, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জীবন বাঁচাতে সাহায্যের আকুতি জানিয়েছেন আশিক আহমেদ নামের এক অসহায় যুবক ও তার বাবা-মা। সে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বামনপাড়া গ্রামের দরিদ্র পিতা রফিকুল ইসলামের ছেলে। তার পরিবার জানায় সংসারের অসচ্ছলতা দূর করার জন্য নন ইলেট্রিশিয়ান হিসেবে পল্লী বিদ্যুতের কাজ করে জীবিকা নির্বাহ করছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাকে মৃত্যু মুখে ঠেলে দেয়। ভেঙ্গে চুরমার হয় তার সব স্বপ্ন।

চলতি বছরের ২৬ নভেম্বর বিদ্যুতের খাম্বায় উঠে কাজ করাবস্থায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। পরে আসঙ্কাজনক অবস্থায় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকের কলেজ এন্ড হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানেও তার অবস্থার বেগতিক দেখে সেখানকার ডাক্তার দ্রুত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার দুই হাত এবং ডান পা কেটে ফেলা হয়। এখনও সে ২য় তলার বার্ন ইউনিটের ৩ নম্বর কক্ষে ১৪ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

তার এই চিকিৎসার ব্যয়ে গরিব পিতার সহায় সম্বল হারিয়ে এখন নিঃস্ব প্রায়। বর্তমানে চিকিৎসা ব্যয় বহন করা তো দূরে থাক তিন বেলা খাবারও জুটছে না ওই পরিবারে। তাই তার গরিব ও অসহায় বাবা-মা পঙ্গু ছেলে আশিকের চিকিৎসার জন্য বিত্তবান ও দানশীল ব্যাক্তিদের নিকট সাহায্য ও আর্থিক সহযোগিতার আকুতি জানিয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: ছেলের বাবা ০১৭২৪৩৮৯৯৩৯ (বিকাশ, পার্সোনাল)।
