রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:
করযোগ্য সবাই আয়কর দিলে অনেক আগেই দেশ আরও উন্নত হত। করদাতাদের সবাই নিয়মিত আয়কর দেন না। দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষের আয়কর দেয়ার সামর্থ্য রয়েছে। অথচ আয়কর দেন মাত্র ২২ লাখ মানুষ।
আয়কর নিয়ে অবহেলা ও অসচেতনতা দূর হলে দেশ রাজস্ব খাতে আরও সমৃদ্ধ হবে। আমাদের উন্নয়নও তরান্বিত হবে। ৩০ নভেম্বর শনিবার সকালে কর অঞ্চল রংপুরের আয়োজনে জাতীয় আয়কর দিবসের আলোচনায় সভাপতির বক্তব্যে কর অঞ্চলের কর কমিশনার আব্দুল লতিফ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আয়কর না বাড়ালে সমৃদ্ধ দেশ গড়ার ভিশন বিলম্বিত হবে, এজন্য সরকারের রাজস্ব খাত সমৃদ্ধ করতে সকলকে কর প্রদানের ব্যাপারে সচেতন করা হচ্ছে। আয়কর দেয়া আমাদের নাগরিক ও সাংবিধানিক দায়িত্বের একটি অংশ। বছরে নূন্যতম আড়াই লাখ টাকার উর্ধ্বে আয় হলে নিয়মানুযায়ী কর দিতে হয়। কিন্তু আমরা আয়কর দেই না। এ অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার শেখ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-কর কমিশনার সুমন কুমার বর্মণ।
আলোচনার পর ‘‘সমৃদ্ধ সোনালি দিন, আনতে হলে আয়কর দিন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর কর অঞ্চলের কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর দিবসের শোভাযাত্রার উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে। শোভাযাত্রা থেকে আয়কর প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক লিফলেট বিলি করা হয়।
শোভাযাত্রা ও আলোচনায় রংপুর কর অঞ্চলের কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পেশার করদাতারা উপস্থিত ছিলেন।
