রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের মিঠাপুকুরে রাব্বু মিয়া তালুকদার (৫০) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় জায়গীর এলাকায় এক ভাড়া বাসা থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাব্বু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাতলা হাবিবের বাইগোনি গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জায়গীর দুর্গাপুর গ্রামের মুদি ব্যবসায়ী কাশেমের বাসায় একটি রুম ভাড়া নিয়ে প্রায় আট মাস থেকে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর পিলার (খুঁটি) দেখা শুনার কাজে নিয়োজিত ছিলেন রাব্বু মিয়া তালুকদার।
গতকাল শুক্রবার বিকেলে মজিদুল নামে এক সহকর্মী রাব্বু মিয়াকে ডাকতে গেলে শয়নঘরে তার ঝুলন্ত মরদেহ দেখেতে পায়। খবর পেয়ে সন্ধ্যায় মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
