আ: হামিদ টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে শ্বশুরবাড়ীর বাঁশঝাড় থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
উদ্ধারকৃত জামাতা মোস্তাফিজুর রহমান বিদ্যুত (৪৫) ধনবাড়ী উপজলার বলিভদ্র ইউনিয়নের মতিউর রহমানের ছেলে বলে জানা যায়।
মৃত বিদ্যুতের ভাই শরিফ হোসেন জানান বুধবার রাতে শ্বশুরবাড়ীতে সে বেড়াতে আসে।
বিদ্যুত প্রায় ১৭ বছর আগে উপজেলার ধোপাখালী ইউনিয়নের কবিরাজবাড়ী গ্রামের স্কুল শিক্ষক মতিউর রহমানের মেয়ে লুৎফুন্নাহারকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করে। তাদের সংসারে স্কুল পড়ুয়া একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রহস্যজনক এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধোপাখালী ইউনিয়নের কবিরাজবাড়ী গ্রামে শ্বশুর মতিউর রহমানের বাড়ীর পেছনের বাঁশঝাড়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী শ্বশুর বাড়ীর বাঁশঝাঁড়ে মোস্তাফিজুর রহমান বিদ্যুতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ধনবাড়ী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী ও শ্বশুরবাড়ীর লোকজন জানায়, মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ মাদকাসক্ত ছিল।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ধনবাড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আসল রহস্য জানা যাবে।
