রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:
আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য রংপুর ৩ আসনের উপনির্বাচন না পেছালে সংখ্যালঘু সম্প্রদায় ভোট বর্জন করবে বলে ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত একটি আবেদন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছ জমা দেয়া হয়। এতে নির্বাচন পেছানোর কথা বলা হয়।
আবেদনে বলা হয়, ভোটের দিন ৫ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী পড়ায় ভোটে অংশ নেওয়া সম্ভব হবে না। তাই রংপুর-৩ আসনে ভোট না পেছালে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বর্জন করবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় কমিশনকে ধন্যবাদ জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের তারিখ ৫ অক্টোবর থেকে সরিয়ে শারদীয় দুর্গা উৎসবের পর অন্য যেকোনো দিন পুনঃনির্ধারণ করা হোক।
এর আগে ১ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ আজ ১৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণের তারিখ আগামী ৫ অক্টোবর।
এর আগে পূজা উদযাপন পরিষদের এ সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর ইসি সচিব মো. আলমগীর জানান, রংপুর-৩ আসনের ভোট পেছানো হবে না। নির্ধারিত সময়ে ভোট হলে নির্বাচনী এলাকার সবার জন্য সুবিধা হবে।
তিনি বলেন, ভোট পেছাতে গেলে সবার কাজে অসুবিধা হবে; সম্পৃক্ত সবার সুবিধার চেয়ে অসুবিধাই বাড়বে। এ ছাড়া আমাদের ১০ অক্টোবরের মধ্যে উপনির্বাচন শেষ করতে হবে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন। এরপর গত ১৬ জুলাই আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়।
