রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর-৩ আসনে উপনির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহী সাদকেই প্রার্থী করল জাতীয় পার্টি। এ আসনের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ভাঙনের মুখে পড়তে যাচ্ছিল দলটি।
রোববার (৮ সেপ্টেম্বর) দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ সাংবাদিকদের বলেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন সাদ এরশাদ।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ মরা যান গত ১৪ জুলাই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এরশাদের মৃত্যুতে শূন্য এ আসনে ভোট হবে আগামী ৫ অক্টোবর।
জাপার কো-চেয়ারম্যান রওশন এ আসনে ছেলে সাদকে প্রার্থী করতে চাইলেও তার বিরোধিতা করছিলেন রংপুরের নেতারা। এরশাদের ভাতিজা সাবেক সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার আসিফের সমর্থকরা সাদের কুশপুতুল পোড়ান।
এর মধ্যে দলের চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতার পদ নিয়ে রওশন এবং তার দেবর জি এম কাদেরের দ্বন্দ্ব চরমে উঠে। ফলে এরশাদের আসনে প্রার্থী ঘোষণা আটকে যায়।
এ আসনে ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ রেজাউল করিম এবং বিএনপি রিটা রহমানকে প্রার্থী করেছে।
রোববার বিকাল পর্যন্ত সাদ এরশাদ তার মনোনয়ন প্রাপ্তির বিষয়টি জানেন না এবং সড়ে দাঁড়াচ্ছেন বলেও আলোচনা আসে।
এদিকে সাদকে প্রার্থী করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাপার রংপুরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।
তিনি বলেন, এমন সিদ্ধান্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভীষণ মর্মাহত। এত দিন ধরে দলকে আমি এত সার্ভিস দিয়ে আসলাম। কিন্তু দল আমাকে মূল্যায়ন করল না।
মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার কথাও জানান তিনি।
