জুয়েল রানা:
কুড়িগ্রামে পরিত্যক্ত প্লাস্টিক পুড়িয়ে পেট্রোল, অকটেন, ডিজেল ও এলপি গ্যাস তৈরী করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন মোঃ রোস্তম অালী নামের এক ছাত্র। এই উদ্ভাবন পদ্ধতি এক নজর দেখতে শত শত কৌতুহলী মানুষের নিয়মিত সমাগম ঘটছে তার বাড়ীতে।
রোস্তম অালী (২৩) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৬নং উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের মৃত মফিজুল হকের ছোট পুত্র।
সরেজমিনে দেখা যায়, বাড়ীর সামনেই অাবদ্ধ খালি তেলের ড্রামের সাথে পাইপের মাধ্যমে একটি বোতল এবং দুটি জেরিকেন সংযোগ করেছেন। খালি ড্রামের ভিতর কিছু প্লাস্টিক ভরিয়ে ড্রামের মুখ বন্ধ করে দেয়া হয়। এর পর ড্রামের তলায় অাগুন জ্বালিয়ে উচ্চ তাপ প্রয়োগের মাধ্যমে প্লাস্টিক গুলোকে গলানো হয়। এভাবে প্রায় ৩০/৪০ মিনিট পর্যন্ত তাপ দেয়া হয়। প্লাস্টিক গুলো পুরোপুরি গলে গিয়ে বাষ্পাকারে পাইপের মাধ্যমে বোতলে ফোঁটা ফোঁটা অাকারে পড়তে থাকে। অার এসবই হচ্ছে ডিজেল, পেট্রোল ও অকটেন। জেরিকেনের অপর একটি পাইপ দিয়ে বেরিয়ে অাসছে এলপি গ্যাস।
উৎপাদিত জ্বালানি তেল রোস্তম অালী নিজস্ব মোটর সাইকেলে ব্যবহার করছেন। এবং পাশাপাশি বন্ধু বান্ধবদেরকেও দিচ্ছেন।
রোস্তম অালী বলেন, অামি সরকারীভাবে সহযোগিতা পেলে অামার কাজের পরিধি অারও বাড়াতে পারবো। এবং বানিজ্যিকভাবে সমগ্র দেশে রপ্তানি করতে পারবো। তিনি অারও বলেন, বিশেষজ্ঞরা বলেছেন অাগামী ৫০ বছরের মধ্যে পৃথিবীর খনিজ জ্বালানি সমুহ প্রায় নিঃশেষ হয়ে যাবে। অামরা যদি এই পদ্ধতি অনুসরণ করে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল, পেট্রোল, অকটেন ও গ্যাস তৈরী করি, তাহলে, একদিকে খনিজ সম্পদের উপর বাড়তি চাপ কমে অাসবে অন্য দিকে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করা সম্ভব হবে।
৬নং উমর মজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ অালী সরদার জানান, প্লাস্টিক পুড়িয়ে জ্বালানি উদ্ভাবনের বিষয়টি সম্পর্কে জানতে পেরে অামি খুবই অানন্দিত। ছেলেটিকে সরকারীভাবে অর্থনৈতিক সহযোগিতা প্রদান করা হলে অারও এগিয়ে যাবে বলে অামি অাশা রাখি।
