কালিয়াকৈরে গৃহবধূ নির্যাতন মামলায় ভাশুর গ্রেফতার

পুনম শাহরীয়ার ঋতুঃ

কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় যৌতুকের জন্য যুবদল নেতার বিরুদ্ধে স্ত্রী উম্মে মুসলিমা মুক্তাকে অমানবিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ মামলায় স্বামীসহ শ্বশুরবাড়ির চারজনকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ উপজেলার মোথাপাড়া থেকে মঙ্গলবার মামলার এক আসামি গৃহবধূ মুক্তার ভাশুর শেখ কুমুর উদ্দিন কমলকে গ্রেফতার করেছে। উম্মে মুসলিমা মুক্তা উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত মোশাররফ মিয়ার মেয়ে। মুক্তার স্বামী শেখ সাব্বির আহম্মেদ কছিম উপজেলার মোথাপাড়া এলাকার শেখ আব্দুল হাকিমের ছেলে।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, ওই ঘটনায় মুক্তা তার স্বামী সাব্বির, ভাশুর শেখ কুমুর উদ্দিন কমল, দেবর শেখ কামরুজ্জামান ও ননদ মোমেনাকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তার ভাশুর শেখ কুমুর উদ্দিন কমলকে গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

তিন বছর আগে গাজীপুর জেলা যুবদলের সহসভাপতি শেখ সাব্বির আহম্মেদ কছিমের সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মুক্তার ওপর যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে আসছিল স্বামী সাব্বিরসহ শ্বশুরবাড়ির লোকজন। গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে মুক্তাকে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর করে শ্বশুরবাড়ির লোকজন। মুক্তা চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Share Button