রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক প্রেমিকের বিরুদ্ধে জোর করে প্রেমিকার গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে গর্ভপাতকৃত সন্তান ব্যাগে ভরে থানায় গিয়ে প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।
মামলা সূত্র জানায়, উপজেলার বড়বিল ইউপির লাঙ্গলেরহাট ঘাঘটটারী এলাকার এইচ এসসির প্রথম বর্ষের ওই ছাত্রীর সঙ্গে ভাংনী এলাকার বিশাদুর রহমানের ছেলে জনির প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে জনি। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ভুক্তভোগী ওই তরুণী বলেন, সোমবার বিকেলে একটি ক্লিনিকে কর্মরত জনির বন্ধু শিমুল আমার কাছে এসে জনির সঙ্গে বিয়ের কথা বলে আমাকে নিয়ে যায়। সেখানে শিমুল তার কর্মরত ক্লিনিকে বসিয়ে রাখে এবং জনি ঢাকা থেকে রওনা হয়েছে বলে জানায়।
এক পার্যায়ে শিমুল জনির কথামতো কৌশলে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে খাওয়ালে ঘুমিয়ে পড়ি। পরদিন মঙ্গলবার সকালে আমার গর্ভপাত হয়ে ৬ মাসেরও বেশি বয়সের সন্তান নষ্ট হয়ে যায়। উপায় না পেয়ে ওই নষ্ট সন্তানকে কৌশলে ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসি।
গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
