রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরে সড়কে কুড়িয়ে পাওয়া দামি মোবাইল ফোন ফেরত দেয়ায় রংপুরের অটোচালক হানিফ মিয়া সততার পুরস্কার পেয়েছেন।
রোববার বিকেলে রংপুরের ডিসি আসিব আহসান পুরস্কার হিসেবে হানিফ মিয়াকে নগদ টাকা ও উপহার সামগ্রী তুলে দেন।
সে সময় তাকে ফুলেল শুভেচ্ছাও জানান ডিসি। হানিফ মিয়া রংপুরের দর্শনা এলাকার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন ডাঙ্গির পার গ্রামের বাসিন্দা।
এর আগে ১৩ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ডিসির বাসভবনের সামনের সড়ক থেকে হানিফ মিয়া মোবাইল ফোনটি কুড়িয়ে পান। সে সময় মোবাইলটি লক থাকায় এর মালিককে খুঁজে পাচ্ছিলেন না হানিফ।
এদিকে কোনো নম্বর থেকে ফোন না আসায় উপায়ন্ত না দেখে এলাকার আব্দুল আউয়াল নামে এক শিক্ষার্থীকে জানান হানিফ। পরে তিনি মোবাইলের মেমোরি কার্ড খুলে ছবির সঙ্গে আইডি কার্ড দেখে নিশ্চিত হন মোবাইলটি রংপুর ডিসি কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তার।
পরে ডিসি কার্যালয়ে মোবাইল ফোনটি ফেরত দিলে মোবাইলটির মালিক কার্যালয়ে কর্মরত এনডিসি মাহমুদুল হাসান বলে জানতে পারেন।
বিষয়টি প্রসঙ্গে ডিসি আসিব আহসান বলেন, সততার মূল্য কোনো টাকা বা উপহার দিয়ে পরিশোধ করার সাধ্য কারো নেই। তবে অটোচালক হানিফ মিয়ার সততা অনেকের জন্যই দৃষ্টান্ত হয়ে থাকবে।
