মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার সখীপুরে প্রেমিক যুগল একইসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছে। ১২ আগষ্ট সোমবার রাতে প্রেমিকের বাড়িতে দু’জন একসঙ্গে বিষপান করে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আত্মহত্যাকারীগন হলো- উপজেলার ইছাদিঘী গ্রামের মজনু মিয়ার ছেলে ইব্রাহীম মিয়া (১৬) ও একই গ্রামের ফজল মিয়ার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মেঘনা আক্তার (১৩)।
জানা যায়, ইব্রাহীম ও মেঘনার সঙ্গে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। পরিবারই তাদের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়ের জন্য প্রাপ্ত বয়স্ক হতে দু’জনকে অপেক্ষা করতে বলেছিল। কিন্তু প্রেমিক যুগল সময় নেয়া মেনে নিতে পারেনি। গত সোমবার রাত ৯টার দিকে প্রেমিকের বাড়িতে দু’জন একই সঙ্গে বিষপান করে। তাদের পরিবাবের লোকজন ঘটনা জেনে রাতেই তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মেঘনা মারা যায়। প্রেমিক ইব্রাহীমের অবস্থাও সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়। বুধবার দুপুরে ইব্রাহিমও মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বিয়ের বিষয়ে সমঝোতার পরও এমন ঘটনা ঘটবে ভাবতে পরিনি। বিষয়টি খুবই দুঃখজনক।
